হাঁসকে ধান খেতে দেওয়া যাবে না: জুনায়েদ আল হাবিব

হাঁসকে ধান খেতে দেওয়া যাবে না: জুনায়েদ আল হাবিব

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সভায় তিনি দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ মার্কায় ভোট চেয়ে ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।

বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “আমার মার্কা খেজুর গাছ। বিএনপি জোটের নেতা তারেক রহমান সাহেব বলে গেছেন— ধানের শীষের পক্ষ নিন এবং খেজুর গাছে ভোট দিন। আগামী নির্বাচনে খেজুর গাছই জয়লাভ করবে। তিনি গত ২২ জানুয়ারি কুট্টাপাড়া খেলার মাঠে ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে। তাই দেশের উন্নয়ন ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জোটের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

এলাকার প্রাকৃতিক সম্পদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচের গ্যাস দিয়ে যদি ইটের ভাটা আর বড় বড় ইন্ডাস্ট্রি চলতে পারে, তবে আমার এলাকার মা-বোনেরা কেন রান্নার জন্য গ্যাস পাবেন না? আমি নির্বাচিত হলে এই মাটির গ্যাস প্রথমে এই এলাকার মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সময় স্বল্পতার কারণে আমি হয়তো প্রতিটি ঘরে গিয়ে মা-বোনদের সালাম পৌঁছে দিতে পারিনি। আপনাদের হাতে আমি সেই সালাম দিয়ে গেলাম, আপনারা ঘরে ঘরে তা পৌঁছে দেবেন। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, ভোটের দিন তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ কেন্দ্রে গিয়ে আদায় করবেন এবং ভোট প্রদান নিশ্চিত করবেন।”

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা শ্যামলসহ বিএনপি ও জোটভুক্ত দলগুলোর স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাওলানা জুনায়েদ আল হাবিব নিজেকে এই এলাকার জন্য বিএনপির মনোনীত ছায়া প্রার্থী হিসেবে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সকলকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

মন্তব্য করুন