নওগাঁয় মানবাধিকার সংগঠনের আড়ালে ভোট বানচালের ছকের অভিযোগ

নওগাঁয় মানবাধিকার সংগঠনের আড়ালে ভোট বানচালের ছকের অভিযোগ

আবু ইউসুফ, নওগাঁ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগমুহূর্তে নওগাঁয় মানবাধিকার সংগঠনের আড়ালে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সক্রিয় হওয়া এবং নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক জেলা উপদেষ্টা চন্দন কুমার দেবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা।

অভিযোগ অনুসারে, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নওগাঁ জেলা শাখার ব্যানারে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা করেন চন্দন কুমার দেব। যেখানে যুব মহিলা লীগ নেত্রী পারুলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। স্থানীয়দের দাবি, মানবাধিকারের কার্ড ব্যবহার করে ভোটের দিন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে।

নওগাঁর ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন যে, চন্দন কুমার দেব সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ ছিলেন এবং এখন পলাতক নেতাকর্মীদের সংগঠিত করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে চন্দন কুমার দেব নিজেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব দাবি করেছেন এবং বিএইচআরসি-কে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করেছেন।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন জানিয়েছেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, সাইবার টিমসহ সকল গোয়েন্দা সংস্থা নজরদারি করছে এবং নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

মন্তব্য করুন