ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নাগরিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল সচেতন নাগরিককে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “এই নির্বাচন কেবল ভোট দেওয়ার অধিকার নয়, এটি প্রতিটি নাগরিকের মর্যাদা ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই। আমরা বিশ্বাস করি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে আগামীকালের মাধ্যমেই রাষ্ট্রের প্রকৃত মালিকানা প্রতিষ্ঠিত হবে।”
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম (বেলালউদ্দিন) আটকের ঘটনা নিয়ে মাহদী আমিন বলেন, এ ধরনের ঘটনা দেশের অন্যান্য স্থানেও ঘটার আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপরতা দেখিয়েছে, তাতে আমরা আশাবাদী যে সারা দেশেই তারা একই ধরনের পেশাদারিত্ব বজায় রাখবেন।
নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের এটিই বড় সুযোগ। ভোটার, রাজনৈতিক দল এবং প্রশাসন যার যার দায়িত্ব পালন করলে তথাকথিত 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' সম্ভব হবে না। এছাড়া, বোরকা বা নেকাব পরে ভোট দিতে আসা নারীদের পরিচয় শনাক্তে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান তিনি, যাতে পর্দার আড়ালে কোনো ধরনের জাল ভোট দেওয়ার সুযোগ না থাকে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ