স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমানই দেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং দেশের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের জিয়াউর রহমানের ত্যাগ ও সততার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, "তাঁর মৃত্যুর পর শুধু একটি ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে মাত্র সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল। আমরা সেই মহান নেতার আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।"

কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের জীবনমান বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার কৃষকদের ঋণ মওকুফসহ প্রয়োজনীয় যাবতীয় সহায়তামূলক পদক্ষেপ একের পর এক বাস্তবায়ন করছে। পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যে আমদানিনির্ভরতা হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অচিরেই বাংলাদেশ পেঁয়াজ রপ্তানির সক্ষমতা অর্জন করবে এবং অন্যান্য কৃষিপণ্য আমদানির হার কমিয়ে রপ্তানির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন