ভ্যানচালক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই নির্দেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি চলাকালীন কোতোয়ালি থানা এলাকায় অংশ নেন ভ্যানচালক রিপন। ওইদিন কর্মসূচিতে তিনি গুলিবিদ্ধ হন। এর দুই দিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে গত ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস সাবেক স্বরাষ্ট্রসচিবকে এই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন। নতুন এই মামলায় তাকে যুক্ত করার মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় সাবেক এই সচিবের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।