বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার ও এআই প্রযুক্তির প্রসার চায় ভিসা
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বাংলাদেশে নতুন বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি সরবরাহে গভীর আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত আর্থিক প্রযুক্তি (ফাইনটেক) প্রতিষ্ঠান 'ভিসা' (Visa)।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন এই আগ্রহের কথা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠককালে বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভিসার প্রতিনিধি দলটি বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অবকাঠামো ও সৃজনশীল অর্থনীতির ভূয়সী প্রশংসা করে। স্টিফেন কার্পিন জানান, বাংলাদেশে কার্ড ব্যবহারের বাইরে থাকা বিপুলসংখ্যক অ্যাকাউন্টধারীকে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় আনা এবং সার্বিক লেনদেন সহজীকরণে কাজ করতে ভিসা আগ্রহী।
বৈঠকে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট নিরাপত্তাকে আরও বেশি দ্রুত, সহজ এবং ঝুঁকিমুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও নাগরিক সেবা সহজ করতে মেট্রোরেল, বিভিন্ন এক্সপ্রেসওয়ে ও জাতীয় টোল প্লাজাগুলোতে ভিসা কার্ড ব্যবহার ব্যবস্থা প্রবর্তনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে দেশের বিপুলসংখ্যক মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত বৈশ্বিক বৈদেশিক আয় অত্যন্ত নিরাপদে, কম খরচে ও দ্রুত সময়ের মধ্যে দেশে আনার জন্য একটি আধুনিক ও কার্যকর ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়েও দুই পক্ষের কথা হয়।
আলোচনাকালে বাংলাদেশের তরুণদের বিশাল কর্মসংস্থান সৃষ্টি ও তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশে ভিসার একটি আন্তর্জাতিক মানের 'প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার' বা 'গ্লোবাল সার্ভিস সেন্টার' স্থাপনের আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বাণিজ্যিক বেসরকারি খাতের অংশীদারিত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে স্বাগতম জানান। তিনি বলেন, দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশন, অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভিসার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সহযোগিতা সময়োপযোগী ভূমিকা রাখবে।
উচ্চপর্যায়ের এই বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার শীর্ষস্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|