মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণের তাগিদ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে পুনরায় চালু করার এবং সেখানে আরও বেশি কর্মী নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর কার্যালয় পারদানা পুত্রা ভবনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এই তাগিদ দেন।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাঁদের অবদান মালয়েশিয়ার অর্থনীতি ও সমাজকেও সমৃদ্ধ করছে। তাই অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং প্রয়োজন হলে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বক্তব্য এবং অভিন্ন লক্ষ্য অর্জনের প্রতি তাঁর অঙ্গীকারের প্রশংসা করেন।
মালয়েশিয়ার বাজারে শ্রমিকের প্রয়োজন রয়েছে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা। শ্রমিকদের শোষণ, দুর্ব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়ম বন্ধ করতে এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করতে উভয় দেশকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে।
এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।
|