গোপালগঞ্জে ঋণে জর্জরিত শিক্ষকের আত্মহত্যা

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ঋণে জর্জরিত শিক্ষকের আত্মহত্যা

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।

গতকাল রোববার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির বাইরে বাবা-মায়ের সমাধির পাশে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

আত্মহননকারী শিক্ষকের নাম বিদ্যুৎ কান্তি রায় (৫৮)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দারিয়ারকুল গ্রামের বাসিন্দা।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে ব্যাপক ঋণে জর্জরিত ছিলেন বলে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। ঋণের বোঝা ও তা পরিশোধের মানসিক চাপ বইতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই তীব্র মানসিক যন্ত্রণা থেকেই রোববার ভোরের দিকে ঘরের বাইরে গিয়ে নিজ বাবা-মায়ের সমাধির পাশে থাকা কামরাঙা গাছের ডালে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে স্থানীয় বাসিন্দারা গাছের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে থানায় খবর দেন।

এসআই মোসলেম আরও জানান, খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে মরদেহটি নিচে নামায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একজন প্রধান শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় শিক্ষা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন