নাটোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বাসায় শিক্ষার্থী ইয়াছিনকে আটকে রেখে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (২১ জুন) দিবাগত মধ্যরাতে নাটোর শহরের বড়গাছা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাকিবুল হাসান জেমসকে আটক করে পুলিশ। পরবর্তীতে ইয়াছিন হত্যা মামলায় তাঁর নাম থাকায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার (২২ জুন) দুপুরে নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থী ইয়াছিন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান জেমস। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন নাটোরে সংসদ সদস্য শিমুলের বাড়িতে সংঘটিত আলোচিত শিক্ষার্থী ইয়াছিন পুড়িয়ে হত্যা মামলায় একাধিক আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের ধরতেও আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এআইএল/সকালবেলা
|