হাসপাতালে নিষিদ্ধ দলের হামলা যুদ্ধাপরাধ: উপ-প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে আগুন দেওয়ার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মো. সুজাউদ্দৌলা লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধক্ষেত্রে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই পথেই হাঁটতে চাইছে? তবে এটিকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। সুতরাং তারা ইতোমধ্যে সেই অপরাধ করে ফেলেছে।’
আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের দৃষ্টিকোণ থেকে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা দিতে হবে। কনভেনশনের ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।’
পাশাপাশি তিনি বলেন, ‘অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা লেখেন, ‘গোপালগঞ্জের হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর। হাসপাতালে হামলা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে। এমন ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।’
এআইএল/সকালবেলা