প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি: সিলেট নগরে পার্কিং করে রাখা বাসে আগুনের পর এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের সামনের ফটকে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা। এসব ঘটনা নগরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ এবং এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তাঁরা।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শন করে।

পরিদর্শনকালে নেতারা ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা জানান। এ সময় তাঁরা বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের আমির মো. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ এবং ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এ ছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এআইএল/সকালবেলা