এক ভরি স্বর্ণের বিরোধে আপন ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
এক ভরি স্বর্ণের বিরোধে আপন ভাইয়ের হাতে ভাই খুন

আসিফ বাঁধন, সিরাজদিখান উপজেলা প্রতিনিধি: স্বর্ণালঙ্কার ও টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামের এক ফেরিওয়ালাকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে ভাই-ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি লোহার রড, একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আলমগীর মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন। বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। লাশের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় আলমগীরের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন ১৯ নভেম্বর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সিগঞ্জ জেলা। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (২৪)। তাঁদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। পরে তাঁকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা রিকাবীবাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। এ নিয়ে আলমগীরের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়।

একপর্যায়ে জাহাঙ্গীর স্বর্ণ বন্ধকের স্লিপ ও টাকা শফিকুলের কাছে রেখে মানিকগঞ্জে চলে যান। পরে বন্ধক রাখা স্বর্ণ ছাড়িয়ে রিকাবীবাজারের অন্য একটি দোকানে আবার বন্ধক রাখা হয়। বিষয়টি জানতে পেরে আলমগীর তাঁর ভাই ও ভাবির কাছে স্বর্ণ ফেরত চান। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক হয়। স্থানীয়ভাবে সালিসও বসে। সালিসে আলমগীরের স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, একপর্যায়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। হত্যাকাণ্ডে সহায়তার জন্য এক ব্যক্তিকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে দুটি ব্যাটারিচালিত মিশুক অটোরিকশায় তাঁকে নিয়ে রিকাবীবাজার থেকে বালুচরের দিকে রওনা হন তাঁরা। পথে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুই ব্যক্তি অটোরিকশায় ওঠেন।

ঘটনাস্থলে পৌঁছানোর পর আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার খুঁজতে থাকেন তাঁরা। এ সময় আলমগীর চিৎকার করলে তাঁকে মারধর করে মুখ চেপে মাটিতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে লোহার রড ও ইট দিয়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ গোপন করতে খড় দিয়ে ঢেকে রেখে তাঁরা পালিয়ে যান বলে পিবিআই জানিয়েছে।

পিবিআই জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত দুটি লোহার রড, একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভাড়া করা অন্য দুই ব্যক্তি এখনো গ্রেপ্তার হননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন বলেন, বাকি ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা