সৌদি আরবে ১৩০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবে ১৩০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান
১৩০০ বছরের পুরোনো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দেশটির আল-মালামাহ প্রত্নতাত্ত্বিক এলাকায় খননকাজ চালানোর সময় প্রাচীন এই মসজিদটির ধ্বংসাবশেষ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আবিষ্কৃত মসজিদটি ইসলামী বর্ষপঞ্জির প্রথম শতকের। অর্থাৎ এটি ইসলামের শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। খননকাজের চতুর্থ পর্যায়ে ওই এলাকার আবাসিক অঞ্চলের পশ্চিম পাশে মসজিদটির সন্ধান মেলে।

প্রত্নতাত্ত্বিক সূত্রে জানা গেছে, গ্রানাইট পাথর দিয়ে তৈরি মসজিদটির দেয়ালে প্রাচীন ইসলামী শিলালিপি পাওয়া গেছে। এর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের উল্লেখও রয়েছে। স্থাপনাটিতে স্পষ্টভাবে মিহরাব, প্রবেশপথ ও একটি মিনারের চিহ্ন চিহ্নিত করা গেছে।

মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৬ মিটার এবং প্রস্থ ১০ মিটার। এর চারপাশে পাথরের তৈরি কয়েকটি কক্ষও আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এসব কক্ষ তৎকালীন সময়ে সামাজিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো।

এ ছাড়া খননকাজে মাটির পাত্র, পাথরের তৈরি নানা জিনিসপত্র, শস্য পেষার সরঞ্জাম এবং জাঁতা-পেষাইয়ের অংশও পাওয়া গেছে। এসব নিদর্শন থেকে ওই সময়ের মানুষের দৈনন্দিন জীবনযাপন ও সমাজব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকেরা।

প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাচীনকালে এলাকাটিতে সোনা, রুপা ও তামার আকরিক উত্তোলন ও প্রক্রিয়াজাত করা হতো। ফলে সে সময় অঞ্চলটি ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখত।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), সানা ও খালিজ টাইমস।