পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুছ ছালামের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুছ ছালামের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলায় অবৈধভাবে নিয়োগ নিয়ে এমপিওভুক্তি থেকে শুরু করে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে জালিয়াতির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মো. আব্দুছ ছালাম পীরগাছা মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালকের কার্যালয়।

অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১০ অক্টোবর রংপুরের পীরগাছা মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক পদে বিধান লঙ্ঘন করে ৩য় শিক্ষক হিসেবে নিয়োগ গ্রহণ করে পরেরদিন ১১ অক্টোবর যোগদান করেন আব্দুছ ছালাম। কিন্তু তৎকালীন নীতিমালা অনুযায়ী কোনো তৃতীয় পদের অনুমোদন ছিল না। সেসময় ইসলাম শিক্ষা বিষয়ে ওই কলেজে ২ জন প্রভাষক এমপিওভুক্ত ছিলেন—প্রথম পদে মো. খালেদুল ইসলাম এবং ২য় পদে মো. আলামিন মিয়া। তাই তিনি ইসলাম শিক্ষা বিষয়ে এমপিওভুক্ত হতে ব্যর্থ হয়ে নিজে নিজে ঘরে বসে আরবি বিষয়ে ভুয়া ও জাল নিয়োগপত্র, যোগদানপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ তৈরি করে অনিয়মতান্ত্রিকভাবে ২০০৫ সালের ডিসেম্বর মাসে আরবি বিষয়ে এমপিওভুক্ত হন। ওই কলেজে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি আরবি বিষয় উচ্চ মাধ্যমিক কিংবা ডিগ্রি পর্যায়ে অধিভুক্তি না থাকার পরেও ২০০৫ সালের ডিসেম্বর হতে ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত তিনি আরবি বিষয়ে বেতন-ভাতাদি উত্তোলন করেন। আরবি বিষয়ে দীর্ঘ ৫ বছর ৪ মাসের অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের এমপিও কাগজ প্রতিবেদকের হাতে এসেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ওই কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আল আমিনের ২০০৮ সালে মৃত্যুজনিত কারণে ইসলাম শিক্ষার প্রভাষক পদ শূন্য হলে ২০১১ সালের মে মাসে আরবি বিষয়ের ইনডেক্স ব্যবহার করে আরবি বিষয়ের পরিবর্তে ইসলাম শিক্ষা বিষয়ে এমপিওভুক্ত হন। এ বিষয়ের এমপিও কাগজ প্রতিবেদকের হাতে এসেছে। এদিকে কলেজ কমিটির সভাপতি ও অধ্যক্ষ আপনজন হওয়ার সুবাদে ২০১৩ সালের ৯ জুলাই কলেজের গভর্নিং কমিটির রেজুলেশনের মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য স্ববেতনে ২ বছরের অবৈধ ছুটি ভোগ করেন। নথিপত্র ও শিক্ষক হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, উচ্চতর ডিগ্রির নামে ছুটি নিয়ে দীর্ঘ ৭ মাস প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলন করেন। এ ছাড়াও ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত ২ বছরের ছুটিকালীন সময়ে প্রতিষ্ঠানে না এসেও হাজিরা খাতায় অবৈধভাবে ১৭ মাসের স্বাক্ষর প্রদান করেন আব্দুছ ছালাম। এ বিষয়ের অনুসন্ধানে জানা যায়, ছুটির সময়কালীন সে উচ্চতর ডিগ্রি গ্রহণ না করায় ২ বছর চাকরিকাল হিসেবে গণ্য হয় না। এজন্য ২ বছরের ছুটির সময়ের মধ্যে ১৭ মাস হাজিরা খাতায় স্বাক্ষর করে ছুটির তথ্য গোপন করে চাকরিকাল ১৬ বছর দেখিয়ে জালিয়াতি করে ২০২১ সালের জানুয়ারি মাসে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি নেন আব্দুছ ছালাম। এদিকে রেজুলেশন অনুযায়ী মাস্টার্স সম্পূর্ণ হওয়ার পরে ২ বছরের ছুটিকালীন সময়ে উচ্চতর ডিগ্রি অর্জনের কথা থাকলেও তিনি সে কোর্সে ভর্তি না হয়ে প্রতারণার আশ্রয় নিয়ে পুনরায় ইসলাম শিক্ষা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

পীরগাছা মহিলা কলেজের শিক্ষক হাজিরা বহির একাধিক মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, সহকারী অধ্যাপক আব্দুছ ছালাম প্রতি মাসে ২ থেকে ৪ দিন ঢাকা গমনের নামে প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে অধ্যক্ষের সঙ্গে আঁতাত করে সপ্তাহে ১/২ দিন প্রতিষ্ঠানে এসেই পুরো সপ্তাহের হাজিরা স্বাক্ষর করেন আব্দুছ ছালাম। এ ছাড়াও দিনের পর দিন মাসের পর মাস ঢাকায় অবস্থান করে তিনি বদলি বাণিজ্য ও বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ প্রদানের তদবির করে থাকেন।

অভিযোগগুলোর বিষয়ে সরেজমিনে গত মঙ্গলবার পীরগাছা মহিলা কলেজে গিয়ে জানা যায়, সহকারী অধ্যাপক আব্দুছ ছালাম হাজিরা খাতায় স্বাক্ষর করে বেরিয়েছেন ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করতে। কলেজের বর্তমান অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু নিজেকে ও সহকারী অধ্যাপক আব্দুছ ছালামকে সাংবাদিক পরিচয় দিয়ে অভিযোগগুলোর বিষয়ে ২ দিন পরে প্রতিবেদককে বক্তব্য দেওয়ার কথা জানান। মুঠোফোনে অভিযুক্ত সহকারী অধ্যাপক আব্দুছ ছালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কলেজ সংলগ্ন উপজেলা পরিষদে অবস্থান করলেও ক্যামেরার সামনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে সাক্ষাৎ না করে রংপুর শহরে সাক্ষাতের কথা জানান। পরবর্তীতে মুঠোফোনে ২ দফা যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো মিথ্যা দাবি করে তাঁর স্বপক্ষে কাগজপত্র দিয়ে সাক্ষাতে বক্তব্য দেওয়ার কথা জানালেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রতিবেদকের কাছে ২ দিন সময় নেওয়ার পরেই মঙ্গলবার অভিযুক্ত সহকারী অধ্যাপক আব্দুছ ছালামের নিয়োগের যাবতীয় কাগজপত্র ও ২ বছরের ছুটিকালীন হাজিরা খাতা কলেজ অফিস থেকে নিজের হেফাজতে নিয়ে বাসায় নিয়ে যান অধ্যক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক শিক্ষক জানান, অধ্যক্ষের সঙ্গে ভালো সম্পর্কের সুবাদে অভিযুক্ত আব্দুছ ছালামকে বাঁচানোর জন্যই গণমাধ্যমকর্মীরা চলে আসার পরে আব্দুছ ছালামের যাবতীয় নথিপত্র বেআইনিভাবে নিজের বাড়িতে নিয়ে গেছেন অধ্যক্ষ। এ ছাড়াও জালিয়াতি করে প্রথম এমপিও নেওয়ার কাগজপত্রের ফাইলটা মাউশির ঢাকা অফিস থেকে সরানোর জন্য আব্দুছ ছালাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন এই শিক্ষক।

এ বিষয়ে পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু বলেন, ‘আমি আব্দুছ ছালামের সব কাগজপত্র নিয়ে বাড়িতে আসিনি। শুধুমাত্র তাঁর এমপিও ফাইলটা নিয়ে এসেছি দেখার জন্য। আব্দুছ ছালাম নিয়ম মেনেই কলেজে যোগদান করেছে।’ নিয়ম মেনে যোগদান করলে ৫ বছরের অধিক সময়ে কেন আরবি বিষয়ে বেতন-ভাতা উত্তোলন করলেন প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এমপিও শিটে ভুল হয়েছিল, পরে সেটা সংশোধন করা হয়েছে।’ ২ বছর স্ববেতনে ছুটি কাটানোর বিষয়ে তিনি বলেন, ‘উচ্চতর ডিগ্রি নেওয়ার চেষ্টা করেছিল আব্দুছ ছালাম। কিন্তু ব্যর্থ হয়ে প্রাইভেটে আরেকটা মাস্টার্স করে ৭ মাস পরেই যোগদান করে।’ তবে মাস্টার্সের পরে নিয়ম অনুযায়ী উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি বা চেষ্টা করার কোনো কাগজ দেখাতে পারেনি এই অধ্যক্ষ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম মাজেদ বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্তের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ কলেজের অধ্যক্ষ অভিযুক্ত শিক্ষকের এমপিও ফাইল ও হাজিরা খাতা নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ আছে কি না প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অফিসের নথিপত্র বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়েও আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’

এআইএল/সকালবেলা