আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার জরুরি নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধা নিশ্চিতে আগামী শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে নির্ধারিত লেনদেনের সময়সীমা শেষ হলেও ব্যাংকে উপস্থিত থাকা আমানতকারীদের অর্থ গ্রহণ করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার ব্যাংকগুলোর কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের প্রেক্ষিতে ২০২৭ সালের হজের আমানত নিবন্ধনের অর্থ সংগ্রহের সুবিধার্থে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।
চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত লেনদেনের সময়সীমা অতিক্রম করার পরও যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের টাকা জমা দিতে ইচ্ছুক গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের নিরাপত্তা নিশ্চিতপূর্বক টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।