শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত চায় সরকার
অনলাইন ডেস্ক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনি প্রক্রিয়ায় ফেরত চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "আমরা তো তাঁকে ফেরত চাই, আইনিভাবে চাই। আমরা চাই, তিনি মামলা ফেস করুন।"
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও মিছিলের বিষয়ে সরকারের পর্যবেক্ষণ জানতে চাইলে মন্ত্রী বলেন, "আচ্ছা, ফিরে আসার কার্যক্রম কী? আমরাও তো তাঁকে ফেরত চাই।"
এদিকে, শেখ হাসিনার দেওয়া বিবৃতি গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ রকম বিধিনিষেধ আছে বলে তাঁর জানা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আদালতের নিষেধাজ্ঞা না থাকে, তবে গণমাধ্যম তাঁর বক্তব্য প্রচার করতে পারে।
|