জ্বালানিমন্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার অনুরোধ এমপি মাহবুবের

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
জ্বালানিমন্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার অনুরোধ এমপি মাহবুবের

বিশেষ প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনা চলাকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নোয়াখালী অঞ্চলে আরেকটি বিয়ে করার রসাত্মক অনুরোধ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 

আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন জ্বালানি খাতের আঞ্চলিক উন্নয়ন ও বৈষম্যের প্রসঙ্গ টেনে রসিকতা করে বলেন, “মাননীয় জ্বালানিমন্ত্রীর শ্বশুরবাড়ি নাটোরে। স্বাভাবিকভাবেই তিনি নাটোর জেলাকে একটু বেশি অগ্রাধিকার (প্রায়োরিটি) দেবেন। তাই নোয়াখালী অঞ্চলের সার্বিক গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নের স্বার্থে আমি তাঁকে অনুরোধ করব, তিনি যেন নোয়াখালীতেও একটি বিয়ে করেন। তাহলে হয়তো নোয়াখালীবাসী তাঁর বিশেষ নজর পাবে।”

সংসদ সদস্যের এমন অফার ও রসিকতার জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও বেশ হাস্যরসের ছলে উত্তর দেন। তিনি সংসদের বিরোধী আসনে বসা জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের দিকে ইশারা করে বলেন, “আমার সামনে উনারা বসে আছেন, যারা শরিয়াহ আইন খুব ভালো বোঝেন। শরিয়াহ অনুযায়ী আমার অবশ্য এখনো তিনটি বিয়ের সুযোগ বাকি আছে। তবে আমার এমন কোনো শখ নেই। বর্তমানে যেটা করেছি, সেটাই আমার জন্য যথেষ্ট।” মন্ত্রী ও সংসদ সদস্যের এই বাকযুদ্ধ ও রসবোধের কারণে ওই সময় সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের মাঝে হাসির রোল পড়ে যায়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন