আগামীকাল শুভ মহালয়া

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
আগামীকাল শুভ মহালয়া

নিজস্ব ডেস্ক : বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন ‘শুভ মহালয়া’ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ অমাবস্যা তিথি উদযাপনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দেবীপক্ষের আবাহন ঘটবে এবং দুর্গাপূজার দিন গণনা শুরু হবে।

সনাতন ধর্মশাস্ত্র মতে, মহালয়া তিথি কেবল দেবী দুর্গার বিহিত পূজার সূচনা পর্ব নয়; বরং এই শুভ তিথিতে পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে জল-তিল-অন্ন উৎসর্গ করে তর্পণ (শ্রাদ্ধ) করার চিরন্তন রীতি রয়েছে। পিতৃপক্ষের অবসানেই সূচিত হয় দেবীপক্ষ।

পৌরাণিক উপাখ্যান অনুযায়ী, অসুররাজ মহিষাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হলে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত ঐশ্বরিক তেজ থেকে দেবী দুর্গার সৃষ্টি হয়। এই মহালয়া তিথিতেই দেবতাদের প্রদত্ত ১০টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্ব পেয়ে মর্ত্যলোকে যাত্রা করেন।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে মূল দুর্গাপূজা শুরু হলেও আগামীকাল থেকেই শুরু হবে আগমনী সুর। আগামী ২১ অক্টোবর 'বিজয়া দশমী'র প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই সর্বজনীন উৎসবের সমাপ্তি ঘটবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী জানিয়েছেন, এ বছর শাস্ত্রীয় গণনানুযায়ী দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়) এবং তিনি বিদায় নেবেন নৌকায় চড়ে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা।

মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও পূজামণ্ডপগুলোতে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা, ঘট স্থাপন ও তর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।

শনিবার ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ ধর্মীয় চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস সাধন জানান, ঢাকেশ্বরী মন্দিরে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

এ ছাড়া রমনা কালী মন্দির, ঢাবি জগন্নাথ হল, রামকৃষ্ণ মঠ ও মিশন, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হবে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ বছর পূজা মণ্ডপগুলোর জন্য সরকারি আর্থিক অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গোৎসবের সরকারি ছুটি তিন দিনে উন্নীত করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে এই তিন দিন যুক্ত হয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করবেন দেশের নাগরিকেরা।