আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ণ
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাতে অটোরিকশার বেপরোয়া চলাচল ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে দাবি করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন নতুন রূপ ধারণ করে রিকশাচালক হিসেবে রাজপথে হাজির হয়েছে।’

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ থাইরয়েড সোসাইটি’র অষ্টম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে জাতীয় সংসদ নির্বাচনে অল্প কয়েকটি আসন পাওয়া দলগুলোর নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, ‘যারা মাত্র ছয়টি আসন পেয়েছে, তারা এমন ধরনের রাজনৈতিক বক্তব্য দেয় যা অত্যন্ত অশ্লীল। গত ৫ আগস্টের পর থেকে আমরা এমন অশ্লীল কথাবার্তা শুনছি, যা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের অশ্লীল সংস্কৃতি থেকে আমাদের সবার দ্রুত বেরিয়ে আসা উচিত।’

একই সঙ্গে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কড়া সমালোচনা করেন তিনি। তিনি দাবি করেন, ‘দেশ যখনই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছিল। আর প্রতিবারই সেই গভীর সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।’

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অপশাসন ও ভুল নীতির কারণেই দেশে এই সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে ও গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাশাপাশি স্বাস্থ্য খাতের পূর্ববর্তী অব্যবস্থাপনা তুলে ধরে তিনি উল্লেখ করেন, বিগত আমলে দুই বছর শিশুদের যথাযথভাবে হামের টিকা দেওয়া হয়নি। সেই সময় ঠিকভাবে হামের টিকা না দেওয়ার খেসারত এখন বর্তমান সরকারকে দিতে হচ্ছে।