শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

অনলাইন ডেস্ক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি মুখোমুখি করতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করেছে। ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে’—সংক্রান্ত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমিনুল ইসলাম বলেন, "সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটিতে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে (পলিটিক্যাল আশ্রয়) আছেন নাকি অন্য কোনো বিশেষ প্রক্রিয়ায় আছেন, সে বিষয়ে স্পষ্ট ও বিস্তারিত কিছু বলা হয়নি। তাই কেবল একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না।"

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে জানে না যে শেখ হাসিনা ভারতে কোন ধরনের আইনি বা কূটনৈতিক স্ট্যাটাসে রয়েছেন। ফলে ভারতীয় আদালতের অনুমতি সংক্রান্ত বিষয়টি কোন পরিপ্রেক্ষিতে বা কী অর্থে উল্লেখ করা হয়েছে, তাও এখনো পরিষ্কার নয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনের সময় স্বৈরাচারী ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ ও মারাত্মকভাবে আহত হয়েছেন। মানবতার বিরুদ্ধে সংগঠিত এসব অপরাধের দায়ে প্রধান আসামিদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এসব অপরাধে যুক্তদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তিনি দৃঢ় প্রত্যাশা প্রকাশ করেন।

মন্তব্য করুন