ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে লেবাননের নাবাতিয়ে জেলার যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন আঘাত হানে। এতে সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ ঘটনাস্থলেই নিহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সরকার গভীর সমবেদনা প্রকাশ করছে। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতদের মরদেহ শনাক্ত করেছে এবং তা দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে। নিহতদের পরিবারের সাথেও দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ অত্যন্ত উদ্বিগ্ন। সরকার সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।
নিহত শফিকুল ও নাহিদুলের অকাল মৃত্যুতে তাদের নিজ গ্রাম সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুততম সময়ে মরদেহ ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
|