নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর পুশ-ইন ইস্যুতে দেশের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে এমন কিছু ঘটবে না বলেই তিনি ধারণা করছেন।
বুধবার (৬ মে ২০২৬) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়ের আগে বিজেপির কিছু নেতার মুসলিমদের বাংলাদেশে ‘পুশ-ইন’ করার বিতর্কিত ঘোষণার জেরে বাংলাদেশে পুশব্যাক বা পুশ-ইন বাড়ার কোনো আশঙ্কা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা গতকালই (মঙ্গলবার) বিজিবিকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছি, যাতে তারা সীমান্তে বাড়তি সতর্কাবস্থায় থাকে। যদিও আমরা সেরকম (পুশব্যাক) কোনো বড় সম্ভাবনা দেখছি না, তবে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, বিজিবি যেন তা শক্তভাবে অ্যাড্রেস (মোকাবিলা) করতে পারে। আমার ব্যক্তিগত ধারণা, সেরকম অপ্রীতিকর কিছু ঘটবে না।”
আইন-শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার শুদ্ধিকরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, “বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া হাজার হাজার মামলা আগামী এক মাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হবে।” এর পাশাপাশি বিগত দীর্ঘ স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ‘গায়েবি মামলা’গুলো দ্রুত প্রত্যাহারের বিষয়েও জেলা প্রশাসকদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী কঠোর বার্তা দেন। তিনি বলেন, “সাধারণ মানুষের ঈদযাত্রা ও যাতায়াত সম্পূর্ণ নির্বিঘ্ন রাখতে এবার মহাসড়ক ও রেললাইনের আশপাশে কোনো ধরনের পশুর হাট বসানো সম্পূর্ণ বন্ধ থাকবে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পশুর হাটগুলোতে পুলিশের ‘বডি-ওয়ার্ন’ ক্যামেরা ব্যবহার করা হবে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। এছাড়া জাল নোটের বিস্তার রোধে প্রতিটি হাটে প্রয়োজনীয় শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।”