জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “হয়তো সেই টাকা পরিশোধ করার জন্যই এনসিপিকে এখন গণভিক্ষা কর্মসূচি চালু করতে হচ্ছে ও জামায়াতের পক্ষে কাজ করতে হচ্ছে। শোনা যাচ্ছে, সামনে স্থানীয় নির্বাচনে জামায়াত নাকি এনসিপিকে আর কোনো সুযোগ দেবে না। এছাড়া অতীতে ফান্ড সংগ্রহের বিষয়ে অভিযোগ থাকলেও স্থানীয় নির্বাচনের জন্য তারা আবারও ওয়েবসাইটের মাধ্যমে ফান্ড সংগ্রহ জোরদার করবে। এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচন করে, তবে তাদের সেই তহবিলে আমি ১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।”
পোস্টে তিনি এনসিপি নেতাদের কঠোর সমালোচনা করে আরও লেখেন, “একটা গণঅভ্যুত্থান এদের নেতাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আলিশান কার্যালয় ও ফ্ল্যাট ভাড়া নিয়ে চলাচলের অর্থ তারা কোত্থেকে পায়? মানুষ তাদের ১৮ মাসের ইতিহাস ভুলে যায়নি। বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধীদল বানাতে রাজি না হওয়ায় তারা জামায়াত জোটে গেছে।” নতুন বন্দোবস্তের কথা বলে এনসিপি ক্ষমতার জন্য একটি সুযোগসন্ধানী দলে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এআইএল/সকালবেলা