হজের খরচ অন্তত ৪০ হাজার টাকা কমানোর উদ্যোগ সরকারের
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ সালের হজযাত্রীদের সার্বিক খরচ আরও কমিয়ে আনতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাব (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় 'হজ ও ওমরা ফেয়ার ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বিমান প্রতিমন্ত্রী জানান, উড়োজাহাজ ভাড়া সমন্বয় এবং সৌদি আরবের অভ্যন্তরীণ বিভিন্ন ফি কমানোর মাধ্যমে অন্তত ৪০ থেকে ৪২ হাজার টাকা ব্যয় কমানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হজ প্যাকেজের পুরো মূল্য আরও সহনীয় করতে বিমান ভাড়ার পাশাপাশি বেসরকারি এজেন্সিগুলোকে আবাসন ও ঘরভাড়া কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বিমানের মুনাফা কমিয়ে বিমান ভাড়া ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সৌদি আরবে বিমানবন্দর কর ও গাকা চার্জ বাবদ যে অতিরিক্ত ব্যয় হয়, তা কমানোর বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সাথে ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে একটি কারিগরি দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, হজ এজেন্সিগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে হাব সদস্যদের প্রায় ৬২ কোটি টাকার বকেয়া দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হজ ক্যাম্পে খাবারের মান উন্নত রেখে খরচ লাভবিহীন রাখা হয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত মানুষের হজ যাত্রা সহজ করতে যাকাত ফান্ড ব্যবহার বা সরাসরি সরকারি ভর্তুকির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, ঢাকায় নিয়োজিত সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন খালেদ সাঈদ আল হাদাল এবং হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ধর্মসচিব ৯৫ শতাংশ হজ পরিচালনা করা বেসরকারি এজেন্সিগুলোকে দেশের ভাবমূর্তি বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে হাব মহাসচিব মধ্যস্বত্বভোগী ও দালালের প্রতারণা থেকে দূরে থেকে কেবল লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখার জন্য হজযাত্রীদের পরামর্শ দেন।
এআইএল/সকালবেলা
|