কটিয়াদীতে মনা পাগলার মেলায় পুলিশের অভিযান, ৪ জনের কারাদণ্ড
মিজানুর রহমান (কটিয়াদী প্রতিনিধি): কিশোরগঞ্জের কটিয়াদীতে মনা পাগলার মাজার মেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী পৌর এলাকার দড়ি চরিয়াকোনা এলাকায় অবস্থিত ‘মনা পাগলা মাজার মেলা’য় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নরসিংদীর বেলাব উপজেলার জংগা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. আবুল বাশার (৭২), একই গ্রামের মৃত ইছাকের ছেলে সাদু মিয়া (৬৭), জংগা কারার বাড়ির মৃত উসমান গণির ছেলে সরাজ মিয়া (৫০) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. নূরু মিয়া (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মো. আবুল বাশার ও মো. নূরু মিয়াকে ৪৫ দিন করে এবং সাদু মিয়া ও সরাজ মিয়াকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দড়ি চরিয়াকোনা এলাকায় মনা পাগলার মাজারকে কেন্দ্র করে আয়োজিত এক দিনের মেলায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় গাঁজাসহ চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, মেলার সুযোগ নিয়ে কিংবা অন্য কোনো উপায়ে এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা