প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফর বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করেই সম্পন্ন হয়েছে। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম দিনের বৈঠকে এই তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "এই সফরের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড নিশ্চিত করা হয়েছে।"
এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের ওপর একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। অর্থমন্ত্রী এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রত্যেকটি দেশের সঙ্গে সম্পর্কের যে মানদণ্ড ও বহুমাত্রিক পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিলেন, প্রধানমন্ত্রী তার এই সফরের মাধ্যমে সেই ধারাকেই অব্যাহত রেখেছেন।" সফরের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার এবং চীনের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
|