আমরা সিফাতের পাশে আছি: এমপি আবুল খায়ের

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
আমরা সিফাতের পাশে আছি: এমপি আবুল খায়ের

উপজেলা প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে কুপিয় হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

আজ শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় তিনি পৌর শহরের ওই বাড়িতে যান। এ সময় তিনি নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ভয়াবহ এই হত্যাকাণ্ডের শিকার পরিবারের একমাত্র জীবিত সদস্য সিফাত। ঘটনাস্থল পরিদর্শন শেষে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ও ন্যক্কারজনক একটি ঘটনা, যা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। এই নির্মম ট্র্যাজেডিতে পরিবারটির একমাত্র জীবিত সদস্য হিসেবে সিফাত আজ একা হয়ে পড়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে সিফাতের পাশে থাকব। তাঁর ভবিষ্যৎ নিয়ে যেন কোনো অনিশ্চয়তা তৈরি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”

এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি না করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “রায়পুরে একসাথে এভাবে প্রাণহানির এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেন, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক। এটি কোনো রাজনীতির বিষয় নয়, এটি একটি চরম মানবিক বিপর্যয়। সবাইকে দল-মতনির্বিশেষে এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে হবে এবং অপরাধের প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”

উল্লেখ্য, গত ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় দুর্বৃত্তরা ঢুকে শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারও নিহত হন।

লোমহর্ষক এই চতুর্মুখী হত্যাকাণ্ডের পর থেকে পুরো রায়পুর জুড়ে এখনো থমথমে পরিস্থিতি ও শোকের ছায়া বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তাদের নিবিড় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন