হাটহাজারীতে অস্ত্রসহ চার যুবক আটক

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
হাটহাজারীতে অস্ত্রসহ চার যুবক আটক

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওবায়দুল জামান রাকিব (১৬) এবং একই এলাকার মো. হাসান মুরাদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে হাটহাজারী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় গার্মেন্টস কর্মী এবং সাধারণ পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে আসছিল। আজ সকালে এলাকাবাসী তাঁদের ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা অবস্থায় শনাক্ত করে।

এ সময় টের পেয়ে যুবকেরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা চারপাশ থেকে ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকের পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অস্ত্রসহ চার যুবককে হেফাজতে নেয়। আঘাতপ্রাপ্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চার যুবকের বিরুদ্ধে এলাকায় একাধিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের বিষয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন