নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির নাগরিক ভ্রমণ নথিতে বড় ধরণের পরিবর্তন এনে নিজের কঠোর মুখভঙ্গির ছবি-সংবলিত একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার (২৬ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বিশেষ স্মারক পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।' পাসপোর্টের সেই ছবিতে একটি বিশেষ বার্তাও যুক্ত রয়েছে, যেখানে লেখা— ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে এই নতুন নকশাটি উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পের মুখচ্ছবিকে বিশেষভাবে স্থান দেওয়া হয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্প বেশ গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তাঁর স্বাক্ষরও রয়েছে। তাঁর ছবির ব্যাকগ্রাউন্ডে বা পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নকশার এই ছবিটি হোয়াইট হাউসের বিখ্যাত আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।

পাসপোর্টের অন্য পাতায় ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে ঐতিহাসিক স্বাক্ষরের একটি চিত্রকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা দেশের ২৫০তম স্বাধীনতা দিবসের প্রতি ইঙ্গিত করে। হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে 'প্যাট্রিয়ট পাসপোর্ট' নামে অভিহিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার এই স্মারক পাসপোর্টটি সাধারণ নাগরিকদের জন্য বাজারে পাওয়া যাবে। তবে এই বিশেষ পাসপোর্ট বিতরণের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেনি। তবে গত এপ্রিল মাসে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছিলেন, ট্রাম্প-থিমযুক্ত এসব বিশেষ পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং সীমিত মজুত থাকা পর্যন্তই এটি নাগরিকদের মাঝে বিতরণ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত উপস্থিতি ও প্রভাব জোরদার করার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই একটি অংশ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি ভবনের বাইরে ডোনাল্ড ট্রাম্পের ছবি-সংবলিত বড় ব্যানার টাঙানো হয়েছে এবং দেশটির ট্রেজারি বিভাগ জানিয়েছে, শিগগিরই এক ডলারের কাগজের নোটেও তাঁর স্বাক্ষর যুক্ত হতে পারে। নতুন এই পাসপোর্ট কার্যকর হলে ডোনাল্ড ট্রাম্পই হবেন ইতিহাসের প্রথম দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি সরাসরি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাধারণ ভ্রমণ নথিতে যুক্ত হলো।

মন্তব্য করুন