কালীগঞ্জে মাদকসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদকসহ ৪ জন গ্রেপ্তার

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে আরও তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো চালানো হয়। 

আজ শনিবার (২৭ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত চারজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি হলেন— উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার মৃত টুমু ফকিরের ছেলে মো. হোসেন আলী (৪৮)।

অন্যদিকে, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত তিন যুবক হলেন— বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাবিব (২৬), একই এলাকার মো. পনির রাজের ছেলে মো. শরীফ রাজ এবং কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিপন।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলদী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হোসেন আলীকে আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে নেশাগ্রস্ত হয়ে সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা এই আদালত পরিচালনা করেন। মাদক সেবনের পর জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, “মাদকের সর্বগ্রাসী থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা এবং এলাকায় জনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। নেশাগ্রস্ত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা সামাজিক শান্তি বিনষ্টের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ ও মাদকমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে আমাদের এই কঠোর অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কালীগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করছে। ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত অন্য তিন আসামিসহ সবাইকে আজ শনিবার দুপুরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় সব ধরনের অপরাধ দমনে পুলিশের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন