মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে ঢাকা ছাড়ছেন। সফর শেষে তিনি চীন সফরেও যাবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সফরের সময় তিস্তা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চীন সফরকালে তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’ সম্মেলনে অংশ নেবেন, যেখানে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন।

সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য, শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন