ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯ ক্যাম্পেইন

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯ ক্যাম্পেইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে দেশের ডিজিটাল বিপণন খাতের সেরা ৮৯টি প্রচারণাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ বছর ২৬টি বিভাগে মোট ৮৯টি প্রচারণা পুরস্কার পেয়েছে। এর মধ্যে ৬৩টি ব্রোঞ্জ, ২০টি রৌপ্য এবং ৬টি স্বর্ণ পুরস্কার অর্জন করেছে। তবে এবারের আয়োজনে কোনো গ্র্যান্ড প্রিক্স পুরস্কার প্রদান করা হয়নি। পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৫ মার্চ পর্যন্ত ডিজিটাল মাধ্যমে পরিচালিত প্রচারণাগুলো বিবেচনা করা হয়। মোট ৬৬টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭২টি মনোনয়ন জমা পড়েছিল।

সেরা প্রচারণা বাছাইয়ে ছিল দুই ধাপের কঠোর বিচার প্রক্রিয়া। প্রথম ধাপে ১১৩ জন এবং চূড়ান্ত পর্বে ১১০ জন বিশেষজ্ঞ বিচারক স্বচ্ছতার সঙ্গে সেরা প্রচারণাগুলো নির্বাচন করেছেন। অনুষ্ঠানে ৫০০-এর বেশি ডিজিটাল বিপণন ও ব্যবসায়িক পেশাজীবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “ডিজিটাল বিপণন এখন শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, ব্যক্তিভিত্তিক অভিজ্ঞতা তৈরি এবং তথ্যনির্ভর সিদ্ধান্তের বিষয়।” তিনি আরও যোগ করেন, দেশের ডিজিটাল বিপণনকারীরা এখন আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন।

পুরস্কার বিতরণীর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১২তম ডিজিটাল সামিট। “ডিজিটালকে নতুনভাবে ভাবনা—কৌশল, গল্প ও বিজ্ঞান” প্রতিপাদ্যে এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভোক্তার পরিবর্তিত চাহিদা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে ব্র্যান্ডগুলো আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন