পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজার্ভার। একই সঙ্গে তিনি দায়িত্ব ছাড়ার একটি সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো দায়িত্ব পালনে মনোযোগী এবং সরকার পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে তার নেতৃত্ব নিয়ে দলে চাপ বাড়ছিল। সম্প্রতি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর সেই চাপ আরও বৃদ্ধি পায়, যা তাকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

দ্য অবজার্ভারের তথ্য অনুযায়ী, স্টারমার বর্তমানে চেকার্সে অবস্থান করছেন এবং স্ত্রীকে নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। দলীয় জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, সোমবারের মধ্যেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করবেন।

অন্যদিকে সরকারের আরেকটি সূত্র বলছে, তিনি এখনো পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন।

২০২৪ সালের নির্বাচনে বড় জয়ের পরও পরবর্তী সময়ে নীতিগত বিতর্ক ও জনসমর্থন হ্রাসের কারণে স্টারমারের ওপর চাপ বাড়তে থাকে। বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগও তার জনপ্রিয়তা কমিয়েছে।

এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামকে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

মন্তব্য করুন