এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করতে এনবিআরকে ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থমন্ত্রী জানান, সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে পুনর্গঠন করে একটি ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং অপরটি ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
তিনি জানান, নবগঠিত ‘রাজস্ব নীতি বিভাগ’ কাজ করবে সরকারের অর্থনৈতিক ‘থিংক ট্যাংক’ হিসেবে। এই বিশেষজ্ঞ সংস্থাটি অর্থনীতিবিদ, শিল্প-বাণিজ্য প্রতিনিধি ও গবেষকদের মতামতের ভিত্তিতে একটি বৈষম্যহীন, প্রতিযোগিতামূলক এবং আধুনিক কর কাঠামো তৈরি করবে। অপরদিকে, ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ কাজ করবে ‘অ্যাকশন টিম’ হিসেবে, যাদের মূল দায়িত্ব হবে রাজস্ব আদায় করা এবং আইন প্রয়োগ নিশ্চিত করা।
বাংলাদেশের নিম্ন কর-জিডিপি অনুপাতের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত কমে ৬.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা বিশ্বের অন্যতম নিম্ন। এই কাঠামোগত দুর্বলতা কাটাতে বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে করের আওতা সম্প্রসারণ ও অটোমেশন নিশ্চিত করতে হবে।"
অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান অর্থমন্ত্রী, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৪৬ শতাংশ বেশি।
তিনি আরও বলেন, "সরকার সম্পূর্ণ 'কন্টাক্ট-ফ্রি' ও 'ফেসলেস' রাজস্ব প্রশাসন গড়ে তুলতে চায়। এর ফলে করদাতাদের অপ্রয়োজনে কর্মকর্তাদের মুখোমুখি হতে হবে না।" সরকারের লক্ষ্য ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে বিনিয়োগনির্ভর ও স্বাবলম্বী অর্থনৈতিক ব্যবস্থা গঠন করা।
|