শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ২০২৭: দেখতে পাবেন যেসব স্থান থেকে

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ২০২৭: দেখতে পাবেন যেসব স্থান থেকে
২০২৭ সালের ২ আগস্ট দেখা মিলবে শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের; মিসর ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে উপভোগ করা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

আগামী ২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে এক বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সহজে যাতায়াতযোগ্য স্থলভাগ থেকে দৃশ্যমান হওয়ার দিক হিসাব করলে ২১১৪ সাল পর্যন্ত এটিই হতে চলেছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরোনিউজ সম্প্রতি এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য নিশ্চিত করেছে।

যেখানে স্থায়িত্ব সবচেয়ে বেশি:

এই বিরল সূর্যগ্রহণের মূল আকর্ষণ ও সর্বোচ্চ স্থায়িত্ব থাকবে মধ্যপ্রাচ্যের দেশ মিসরে। সেখানে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে সূর্যালোক পুরোপুরি ঢেকে গিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আকাশ। তুলনা করলে দেখা যায়, ২০২৬ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ড।

যেসব অঞ্চল থেকে দেখা যাবে:

কেবল মিসরেই নয়, পূর্ণগ্রাসের এই গতিপথটি দক্ষিণ ইউরোপের জিব্রাল্টার প্রণালি অতিক্রম করে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিশাল অংশের ওপর দিয়ে গমন করবে।

বিভিন্ন দেশের নির্দিষ্ট অঞ্চলে এই সূর্যগ্রহণের স্থায়ীত্ব:

  • মিসর: লাক্সর ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ড।

  • সৌদি আরব: জেদ্দায় ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং পবিত্র মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।

  • স্পেন ও জিব্রাল্টার: মারবেলায় ৩ মিনিট ২১ সেকেন্ড, কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড এবং ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে ৪ মিনিট ২৮ সেকেন্ড। (স্পেনের অধীন আফ্রিকার সেউতা ও মেলিয়ায় যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড)।

  • মরক্কো ও তিউনিসিয়া: টাঙ্গিয়ারে ৪ মিনিট ৫১ সেকেন্ড এবং বন্দরনগরী সাফাক্সে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

  • ইতালি: লামপেদুসা দ্বীপে ২ মিনিট ৫৬ সেকেন্ড।

পর্যটকদের আগ্রহ ও তাপমাত্রার প্রভাব:

এই মহাজাগতিক দৃশ্যটি কাছ থেকে উপভোগ করার জন্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে উৎসাহী পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। সূর্যগ্রহণের গতিপথে অবস্থিত সেরা আবাসন ও হোটেলগুলো ইতোমধ্যেই আগাম বুক হয়ে গেছে এবং বাকি হোটেলগুলোর ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে।

গ্রীষ্মকালের তীব্র গরম নিয়ে যাদের দ্বিধা রয়েছে, তাদের স্বস্তি দিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেক জানান, পূর্ণগ্রাস চলাকালে সূর্যালোক না থাকায় আকস্মিকভাবে তাপমাত্রা কমে পারদ ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের এ সূর্যগ্রহণের পর ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং একই বছরের ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আকাশ থেকে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

মন্তব্য করুন