রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে নতুন করে বৃহৎ শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বেকারত্ব ঘোচাতে প্রয়োজনে আরও শিল্পনগরী গড়ে তোলা হবে।
মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে বিদ্যমান ইপিজেডের পাশাপাশি নতুন বিসিক শিল্পনগরীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট গড়ে তোলা হবে। প্রায় ৫০ একর জায়গাজুড়ে নির্মাণাধীন এই শিল্প পার্কে ২৫১টি প্লট থাকবে। ইতোমধ্যে অনেক উদ্যোক্তা প্লট নিয়ে নতুন কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। সরকারের প্রধান লক্ষ্য জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
ঠাকুরগাঁওয়ে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়ে শিল্পমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে রপ্তানিযোগ্য নতুন জাতের আলু উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত হবে এবং রপ্তানি আয় বাড়বে। পরিদর্শনকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা