নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার (১০ মে) থেকে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। উদ্বোধনী দিনে সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের অভিবাদন গ্রহণ করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে পুলিশকে আরও দক্ষ হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে বর্তমান সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি মব সহিংসতা ও কিশোর গ্যাং কালচার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।
২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নিজ হাতে মনোনীত কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন। এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে আইজি'জ ব্যাজ প্রদান, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও সচিবদের সম্মেলন। এসব অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবারের পুলিশ সপ্তাহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
১৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানটি ঘিরে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে।