সাইবার সিকিউরিটিসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধন করা হচ্ছে: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: সাইবার সিকিউরিটি (সুরক্ষা) আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে ব্যাপক সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।
বুধবার রাতে নিজ নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, “সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন সংশোধনের শুভ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই প্রক্রিয়াকে সার্বিকভাবে আরও কার্যকর, যুগোপযোগী ও জনবান্ধব করতে বিভিন্ন স্টেকহোল্ডার, টেলিভিশন চ্যানেলের মালিক ও সম্মানিত পত্রিকা সম্পাদকদের সঙ্গে আলোচনা জোরদার করা হচ্ছে।”
আন্দালিব রহমান আরও জোর দিয়ে বলেন, সরকার এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চায়—যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সাধারণ জনগণ সমানভাবে আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পান। আইন সংশোধনের এই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং অচিরেই এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলা জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, মদনমোহন মন্দির ও সার্কুলার রোড পূজামণ্ডপসহ রাতভর মোট ৯টি মন্দির সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় ভোলা সদরের মোট ২৯টি মণ্ডপে ২৯ লাখ টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেন তিনি। ধর্মীয় অনুষ্ঠানে শান্তির পরিবেশ বজায় রাখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং জেলা জুড়ে পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এদিকে সম্প্রতি নেত্রকোণায় সংঘটিত এক মর্মান্তিক সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, কেবল সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবী হিসেবে নয়—রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে যে কেউই অপরাধমূলক কাজে জড়িত হোক না কেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারে মুখোমুখি হতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
সকালবেলা / নুসরাত