সীতাকুণ্ডে দুই গাড়ির চাপায় জামায়াত নেতা নিহত

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
সীতাকুণ্ডে দুই গাড়ির চাপায় জামায়াত নেতা নিহত
মো. মহিউদ্দিন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন (৪২) জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি এবং স্থানীয় ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, মাইক্রোবাস এবং মোটরসাইকেলটি ইতিমধ্যে হাইওয়ে পুলিশ জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মহিউদ্দিন সিফাতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাদামবিবিরহাট এলাকায় মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন সিফাত একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস সামনে যাওয়ার চেষ্টা করলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন তিনি। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন