দুর্নীতি করলে সরাসরি চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
দুর্নীতি করলে সরাসরি চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী

এস এম আরিফুল হাসান, নরসিংদী প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে সর্বোচ্চ সততার সাথে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে হবে, বর্তমান সরকার এসব অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “যেখানে অবহেলা আর দুর্নীতি দেখা যাবে, সেখানেই সরাসরি চাকরিচ্যুত করা হবে। আমি লোকদেখানো বদলি বা ট্রান্সফারে বিশ্বাস করি না। অন্যায় করলে সরাসরি চাকরি থেকে বিদায় নিতে হবে।”

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যখাতে সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ মানুষের সুবিধার্থে ৫০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এ ছাড়া তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেওয়া হচ্ছে। সেখানে আরও নতুন চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। উন্নত করা হবে ফ্যামিলি প্ল্যানিং (পরিবার পরিকল্পনা) সেন্টারগুলোকেও।”

সরদার সাখাওয়াত হোসেন দৃঢ়তার সাথে বলেন, “HEALTH SECTOR-এ এই বছরের মধ্যেই সরকার একটি দৃশ্যমান বিপ্লবের সূচনা করতে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি ও সংস্কার হাতে নেওয়া হচ্ছে, যার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় প্রকৃত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।” দেশের সার্বিক বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “এবারের বাজেট কেবল টাকার বাজেট নয়, এটি মূলত একটি আদর্শের বাজেট। বাজেটের প্রতিটি লক্ষ্য ও আদর্শকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।”

নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর (নরসিংদী-১) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী ডায়াবেটিস সমিতির সম্মানিত সদস্য হারুনুর রশীদ হারুন, আবু সালেহ চৌধুরী, মোহসীন হোসাইন বিদ্যুৎ ও আমিনুল হক বাচ্চুসহ সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন