পুরান ঢাকার চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
আজ শনিবার (৪ জুলাই) বেলা দেড়টার দিকে ওই মার্কেটের আটতলা ভবনটির তৃতীয় তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় (এসএমএস) জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সর্বাত্মক চেষ্টায় বেলা ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, “ভবনের তৃতীয় তলায় গুদাম ছিল। এগুলোর ভেতরে মূলত প্লাস্টিকের ছাতা এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক মালামাল মজুত রাখা ছিল। আগুন লাগার সময় গুদামগুলোর লোহার শাটার তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের এই তালাগুলো ভেঙে ভেতরে প্রবেশ করে কাজ করতে হয়েছে। গুদামগুলোর ভেতর থাকা বিপুল মালামাল সম্পূর্ণ না সরানো পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে।”
কাজী নজমুজ্জামান ভবনের কাঠামোগত ঝুঁকির কথা উল্লেখ করে আরও জানান, দুপুরে আগুনের খবর পাওয়ার সাথে সাথেই লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে তারা পুরো ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়ার কুন্ডলী দেখতে পান। পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে আরও চারটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আটতলা এই বাণিজ্যিক ভবনটিতে মাত্র একটি মাত্র সিঁড়ি রয়েছে এবং সেই সিঁড়িটি মাত্র দুই ফুট চওড়া, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
|