ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে চট্টগ্রামের বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেবল ব্রয়লার মুরগির দামই কেজিতে প্রায় ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রোজার প্রস্তুতির মুহূর্তে হঠাৎ করে এভাবে মুরগির দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ৩০০ টাকা কেজি দরের সোনালি মুরগির দাম বেড়ে ৩৩০ টাকায় ঠেকেছে। নগরের চকবাজার এলাকার সেলিম পোলট্রি শপের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, নির্বাচনের পর থেকে বাচ্চার দাম বেড়ে যাওয়া এবং শীতে খামারে প্রচুর মুরগি মারা যাওয়ার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। রমজান সামনে রেখে খামারিরা চাহিদা অনুযায়ী মুরগি সরবরাহ করতে না পারায় এই মূল্যবৃদ্ধি। নগরের মেহেদীবাগ এলাকার গৃহিণী নুর নাহার জানান, মঙ্গলবার রাতে কয়েকটি দোকানে খুঁজেও তিনি মুরগি পাননি, পরে বুধবার ১৯৫ টাকা কেজি দরে কিনতে বাধ্য হয়েছেন।
চট্টগ্রামের বাজারে মূলত মিরসরাই, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা থেকে মুরগি সরবরাহ হয়ে থাকে। খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ডিসেম্বরে এক দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল সর্বোচ্চ ২৫ টাকা, যা দুই মাসের ব্যবধানে বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সাতকানিয়ার খামারি মোহাম্মদ আবির জানান, একটি মুরগির বাচ্চার দাম ৮৩ টাকা পড়লে সেটিকে এক কেজি ওজনে বড় করতে ১৮০ টাকার বেশি খরচ হয়ে যায়। হ্যাচারি বা বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাচ্চার দাম না কমালে খুচরা বাজারে মুরগির দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করছেন খামারিরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ