ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল জনসমর্থন ও প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সবাইকে প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সারা দেশের ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়।
বৈঠকে দেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসে বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্তকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে সফল ধারাবাহিকতা ছিল, নানাবিধ কারণে মাঝখানে তার ছন্দপতন হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সেই শ্রমবাজার পুনরায় সচল ও সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীকে একটি মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাব দেওয়া হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। এছাড়া তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শিগগিরই ১৮০ দিনের একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বলেও জানান এই প্রতিমন্ত্রী।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ