ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ইমিগ্রেশন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে যাত্রীরা তাদের লাগেজ হাতে পেয়ে যান, সে লক্ষ্যে কাজ শুরু করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামালপুর-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জানান, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরে যেন লাগেজের জন্য এক-দুই ঘণ্টা অপেক্ষা করার ভোগান্তিতে না পড়েন এবং কোনো ধরনের দুর্নীতির শিকার না হন, সেটি নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও সচিবের সঙ্গে বসে ইতোমধ্যে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। শুধু লাগেজ হ্যান্ডেলিং নয়, বিমানবন্দরকে ঢেলে সাজিয়ে যাত্রীদের নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মিল্লাত বলেন, অনেক সময় বিমান খালি যায় কিন্তু সাধারণ যাত্রীরা টিকিট পান না। এই কৃত্রিম সংকটের পেছনে থাকা সিন্ডিকেট সম্পর্কে সরকার অবগত এবং তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুরো খাতটি এখনও দুর্নীতিমুক্ত হয়নি স্বীকার করে সদ্য দায়িত্ব পাওয়া এই প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি জাদুকরী কিছু না হলেও আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই দেশের মানুষ বিমান ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তনের আভাস পাবেন। এছাড়া পর্যটন খাত নিয়েও সরকারের সুদূরপ্রসারী চিন্তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে এই মন্ত্রণালয়ে দৃশ্যমান ও বড় ধরনের পরিবর্তন আনা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ