ভালুকায় প্রশাসন ও সংসদ সদস্যের মতবিনিময়: জনবান্ধব স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার

ভালুকায় প্রশাসন ও সংসদ সদস্যের মতবিনিময়: জনবান্ধব স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ।

সভার শুরুতেই নবাগত ও বর্তমান দপ্তর প্রধানগণ সংসদ সদস্যের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন। এরপর মুক্ত আলোচনায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের বর্তমান চিত্র এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বলেন, “সরকারের প্রতিটি উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক কর্মকর্তাদের জনবান্ধব হওয়া এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে কাজ করার কোনো বিকল্প নেই।” তিনি উপজেলার প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ভালুকাকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন