গণভোটের প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মীরা: আলী রীয়াজ

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
গণভোটের প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মীরা: আলী রীয়াজ

সরকারি কর্মকর্তা গণভোটে হ্যাঁ প্রচারণা চালাতে পারবেন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন, এতে কোনো বাধা নেই। তিনি বলেন, দেশের অতীত শাসনের পুনরাবৃত্তি রোধ করতে গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে তা নিশ্চিত করা যাবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয়, সে দায়িত্ব শহীদের হাতে আছে। জুলাই গণ-অভ্যুত্থান বর্তমান সরকারকে যে দায় অর্পণ করেছে, তা হচ্ছে রাষ্ট্র সংস্কার, মানবতাবিরোধীদের বিচারের নিশ্চয়তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট অপরিহার্য।

সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজন করেন ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন