নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: মাহদী আমিন
অনলাইন ডেস্ক: গত ছয় মাসে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো ও উল্লেখযোগ্য বিষয় হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়া। একই সঙ্গে এই সময়কালে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের প্রতিটি কার্যক্রমে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক বিশেষ সভায় এসব কথা বলেন তিনি। সরকার পরিচালনার ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য প্রদানকালে মাহদী আমিন আরও বলেন, "গত ছয় মাসে বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অভূতপূর্ব জনসমর্থন ও আস্থা পরিলক্ষিত হয়েছে। এই সময়ে আয়োজিত অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে দেশজুড়ে প্রধানমন্ত্রী যেখানেই গেছেন, সেখানেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে। জনগণের সেই অমূল্য আস্থা ও বিশ্বাসকে লালন করে বর্তমান সরকার অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।"
বিশেষ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এছাড়া সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।