জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি ভূমি ও পাহাড় রক্ষা করে অঞ্চলটিকে সুশাসনের আওতায় আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে সারদার আদলে একটি আন্তর্জাতিক মানের পুলিশ একাডেমি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের লক্ষ্যে ইতোমধ্যে ৭২ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নতুন এই কারাগারটি বায়েজিদ লিংক রোডের পাশে স্থানান্তর করা হবে। একই সাথে জঙ্গল সলিমপুরে আগে যেসব অবৈধ বসতি গড়ে উঠেছিল, সেখানকার বাসিন্দাদের পুনর্বাসন ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এক সময়ের অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে স্থায়ী শান্তি ফেরাতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) স্থায়ী ক্যাম্প ও অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এসব বাহিনীর ধারাবাহিক উপস্থিতি পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এআইএল/সকালবেলা