কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে মাদক প্রতিরোধে এক সুধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৩ মে) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এই পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা রুখতে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “মাদক কেবল একটি পরিবার বা সমাজকে ধ্বংস করে না, এটি একটি দেশের মেধা ও ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের কঠোর অবস্থানই যথেষ্ট নয়, এর পাশাপাশি আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” মাদক সমাজকে চিরতরে নির্মূল করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও জনসচেতনতা তৈরি করতে আমি কোটালীপাড়ায় খুব দ্রুত ‘আলোেকিত কোটালীপাড়া’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠনে দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ের সকল স্তরের ব্যক্তিরা যুক্ত থাকবেন।”

এমপি এস এম জিলানী শিক্ষাসংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে নিবিড় সমন্বয় থাকতে হবে। এই ত্রিমুখী সমন্বয় বজায় থাকলে যেকোনো ধরনের নৈতিক অবক্ষয় রোধ সম্ভব এবং এলাকার শিক্ষার মান হু হু করে বৃদ্ধি পাবে।” তিনি কোটালীপাড়াবাসীর উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে বলেন, “আপনারা আমাকে সততা ও নিষ্ঠার সাথে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু উজাড় করে এই এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাব।”

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন