সাংবাদিকতায় আত্মসম্মান ও পেশাদারিত্ব জরুরি: ডেপুটি স্পিকার

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
সাংবাদিকতায় আত্মসম্মান ও পেশাদারিত্ব জরুরি: ডেপুটি স্পিকার

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই কর্মশালা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসীফ।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি অত্যন্ত সম্মানজনক এক পেশা। এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সবার আগে নিজের আত্মসম্মানবোধ ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কিছু স্বার্থান্বেষী ব্যক্তির অপসাংবাদিকতা ও অনৈতিক সুবিধার কারণে এই মহান পেশার মান ক্ষুণ্ন হচ্ছে, যা মোটেও কাম্য নয়।"

তিনি আরও বলেন, "জনপ্রতিনিধিদের ভালো কাজের প্রশংসার পাশাপাশি তাঁদের ভুল-ত্রুটি ও সমালোচনা গঠনমূলকভাবে তুলে ধরাও সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। হযরত আবু বকর (রা.)-এর প্রথম ভাষণের আদর্শকে ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ গঠনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি অংশগ্রহণকারীদের প্রতি অর্জিত জ্ঞান শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব পেশাগত কাজে প্রয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, ফ্যাক্টচেক ও এআই বিশেষজ্ঞ আলী আকবর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসামসহ স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রির্পোটিং, ভুয়া তথ্য শনাক্তকরণ (ফ্যাক্ট চেকিং) এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপদ ও কার্যকর ব্যবহারের ওপর হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন